শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শহরের বাঘাযতিন পার্কে আয়োজিত হলো প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।
শিবিরে আসা আবেদনকারীদের প্রথমে চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানেই দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয়, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অযথা হয়রানির শিকার হতে না হয়। এই উদ্যোগে উপকৃত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন বহু মানুষ।

এদিন মেয়র গৌতম দেব জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য পুরনিগম নিয়মিত এ ধরনের ক্যাম্পের আয়োজন করে চলেছে। তিনি বলেন, “অনেকের পরিস্থিতি দেখলে মন খারাপ হয়ে যায়। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসার প্রয়োজন তাদের যথাযথ চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবং প্রয়োজনীয় সহায়তা করতে।”
এই ধরনের উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা এক জায়গাতেই চিকিৎসা পরামর্শ ও শংসাপত্র পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের জন্য অনেকটাই সহায়ক হয়ে উঠছে।

