ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধুপগুড়িতে। শুক্রবার সকালে ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় শনি মন্দিরের উল্টো পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে এলাকার বেশ কিছু মানুষ বাস টার্মিনাস চত্বর দিয়ে যাতায়াত করছিলেন। সেই সময় কয়েকজন পথচলতি মানুষের নজরে আসে ট্রাফিক পোস্টের ভিতরে একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা কাছে গিয়ে দেখেন ওই ব্যক্তি আর নড়াচড়া করছেন না। এরপরই খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে ট্রাফিক পোস্টের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মৃত ব্যক্তি দীর্ঘ সময় ধরেই সেখানে পড়ে ছিলেন। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই ব্যক্তিকে সেখানে রেখে গেছে, নাকি তিনি নিজেই সেখানে আশ্রয় নিয়েছিলেন—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
ঘটনাকে ঘিরে ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রহস্য উদঘাটন করা হউক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *