মালদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন। বর্ষীয়ান কংগ্রেস নেতা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যসহ প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। মহিষবাথানি অঞ্চলের ধানকুরি মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা থেকে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হাত ধরে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন কংগ্রেস নেতা শিবু শুকুল, পঞ্চায়েত সমিতির সদস্য সাকিলা বিবি সহ অন্যান্য কর্মীরা। দলবদলের কারণ হিসেবে কংগ্রেস নেতৃত্বের আদর্শ ও নীতির বিচ্যুতির অভিযোগ তুলেছেন কংগ্রেস ত্যাগী নেতা শিবনাথ শুকুল।

তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, মালদা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আগেই শক্তিশালী অবস্থানে ছিল। কংগ্রেসের একাংশ নেতৃত্ব যোগ দেওয়ায় দল আরও মজবুত হল। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা তথা ব্লক সভাপতি গোপাল সরকার বলেন, যারা তৃণমূলে গিয়েছেন তাঁদের কোনও প্রভাব নেই।তাঁর কথায়, “এতদিন কংগ্রেসের খেয়ে শেষ করেছে, এবার তৃণমূলের খেয়েও শেষ করবে।”

