বহুতল থেকে পড়ে মৃ*ত্যু তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের। গ্রামবাসীদের চাঁদায় নিথর দেহ ফিরলো গ্রামে। মালদার মানিকচক ব্লকের নুরপুর শেখ পাড়া এলাকার বাসিন্দা শেখ সামিউল (২২) নামক এক যুবক পেটের দায়ে বাধ্য হয়ে মুম্বাইয়ের খার্গা এলাকায় নির্মাণ শ্রমিকের কাজে যায় বিগত ১৮ দিন আগে। উচ্চ মাধ্যমিক পাস করেও কাজের ব্যবস্থা না হওয়ায় অসুস্থ মা বাবার জন্য ভিন রাজ্যে কাজে যেতে হয়েছিল শেখ সামিউলকে। শনিবার কর্মরত অবস্থায় নির্মীয়মান বিল্ডিং এর বাইশ তলা থেকে আনুমানিক সকাল ১১ টা নাগাদ পড়ে যায়। সহকর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত বলে ঘোষণা করেন।

মৃ*ত পরিযায়ী শ্রমিক সামিউলের বাবা শেখ আলতাজ(৫৫) হৃদরোগী। মা মিনা বিবি(৫০) বয়সের ভারে কাজ করতে পারেন না। এদিকে বাড়িতে রয়েছে দুই বোন ও এক ভাই। কিভাবে চলবে সংসার তা ভেবেই আতকে উঠছেন পরিবারের সদস্যরা। গ্রামবাসী সহ পরিবারের সকলে সরকারি সাহায্যের আবেদন করেছেন। গ্রামবাসীরা চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়ি আনার ব্যবস্থা করেন।রবিবার সন্ধ্যা নাগাদ পরিযায়ী শ্রমিকের নিথর দেহ গ্রামে ফিরতেই কান্নার ভেঙ্গে পরে পরিবারের লোকেরা। শোকের ছায়া গোটা এলাকায়।

