গতকাল রাতে মাটিগাড়া থানা এলাকার বালাসন ব্রিজ এর কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল মাটিগাড়া থানার পুলিশ। সেই সময়ে পণ্যবাহী ট্রাকে গবাদি পশু পরিবহন হচ্ছে দেখতে পেয়েই গাড়ি দুটিকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৪৯ টি গবাদি পশু। সরকারি নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে লাইভ স্টক পারমিটের গাড়ি ব্যবহার করতে হয়। পাশাপাশি গাড়িতে থাকা গবাদিপশুর জন্য পর্যাপ্ত খাদ্য, জল এবং চিকিৎসকের নথিপত্র ও থাকার কথা। কিন্তু পুলিশের তল্লাশির সময় দুই গাড়ির চালক কোন কিছুই দেখাতে পারেনি। এই কারণেই গাড়ির চালক জয় প্রকাশ সিং এবং কুন্দন কুমারকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত দুজনের বাড়ি বিহারের বইশালীতে।

মাটিগাড়া থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, বিহার থেকে ওই পণ্যবাহী গাড়িতে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল সেবক হয়ে অসম ও অরুণাচলের দিকে।
লাইভ স্টক পারমিট এর গাড়ি ব্যবহার না করা এবং গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে সরকারি সমস্ত নিয়মকানুন না মানার অভিযোগেই দুটি গাড়ি আটক করে গবাদিপশু উদ্ধারের পাশাপাশি দুই গাড়ির চালককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ।

