ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের, ঘটনায় উত্তাল নিউ আলিপুরদুয়ার স্টেশন চত্ত্বর। বৃহস্পতিবার সকালে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম লাগোয়া লাইনে সিমেন্টের রেক থেকে সিমেন্ট নামানোর কাজ করার সময় এক শ্রমিক ট্রাক ও ওয়াগনের মাঝে পরে যায়। উপস্থিত অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ঐ শ্রমিকের মৃত বলে ঘোষণা করেন।

মৃত শ্রমিকের নাম রবিকুল মিঞা, মাঝেরডাবড়ি এলাকার বাসিন্দা। ঘটনায় ব্যাপক উত্তেজনা শুরু হয় অন্যান্য শ্রমিক ও ট্রাক চালকদের মধ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, পুলিশের সামনেই দুই পক্ষের মারপিট শুরু হয়ে যায়। এমনকি উত্তপ্ত শ্রমিকরা বেশ কয়েকটি ট্রাকে ভাঙচুর চালায়। যদিও বেশ কিছুক্ষণ পর অন্যান্য শ্রমিকের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনার পর থেকেই চালক পলাতক। ট্রাকের চাপায় শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নিউ আলিপুরদুয়ার এলাকায়।

