মাটিগাড়া এলাকার নাবালক ছাত্র অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের ফাঁসি দিতে হবে।

উল্লেখ্য, মাটিগাড়ার শিমুলতলা এলাকার এক নাবালক ছাত্রকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার পেছনে ত্রিকোণ প্রেমের জের রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সোমবার শুকনার কাছে জঙ্গল থেকে ওই নাবালকের দেহ উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁদের বক্তব্য, সমাজে অপরাধ দমনে এমন ঘটনার ক্ষেত্রে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দেওয়া জরুরি।

