মালদার মানিকচকের মথুরাপুরে নদী ভাঙন প্রতিরোধের কাজের মান নিয়ে বচসায় জড়ালেন স্থানীয় দুই পক্ষ। যাকে কেন্দ্র করে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মথুরাপুর শংকরটোলা এলাকায়। উল্লেখ্য, গত সোমবার ভোররাতে হঠাৎ করেই মানিকচকের মথুরাপুর শংকটোলা ফুলহর নদীর ঘাটে ভয়াবহ ভাঙন হয়। ভাঙনে বিস্তীর্ণ এলাকার নদীপাড় ভেঙে পড়ে নদীগর্ভে। নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি যানবাহন। ভাঙনের জেরে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হয় একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। তাই ভাঙন প্রতিরোধে সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে সেচ দপ্তর। সেই কাজের মান নিয়েই বুধবার স্থানীয়দের দুই পক্ষ রীতিমতো বচসা, হাতহাতিতে জড়িয়ে পড়ে।

যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, প্রথম দিন ভাঙন প্রতিরোধের কাজ ঠিকঠাক হলেও, তার পরের দিন থেকে দায়সারা কাজ শুরু হয়েছে। বালির বস্তা অর্ধেকের বেশি খালি রেখে নদীপাড়ে ফেলা হচ্ছে। কাজ ঠিকঠাক হচ্ছেনা। যার প্রতিবাদ করেছেন তারা। এতেই কিছু লোকের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
হুমকি প্রদানকারীরা নিম্নমানের কাজ করে নিজেদের আখের গোছাতে চাইছে বলে অভিযোগ।

