এক মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি বিজেপি পূর্ব মন্ডলের সহ-সভাপতি কৃষ্ণপদ সরকারকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ। যার ফলে মঙ্গলবার সকাল থেকেই ধূপগুড়ি থানার সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। থানার গেট ঘেরাও করে স্লোগান ওঠে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত এক যুবক কিছুদিন আগে পরিকল্পিতভাবে কৃষ্ণপদ সরকারের উপর হামলা চালায়, যার ফলে তার মাথা ফেটে যায়। সেই ঘটনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও উল্টে কৃষ্ণপদ সরকারকেই গ্রেফতার করা হয়েছে—যা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, পুলিশ ওই অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ যুবককেও গ্রেফতার করেছে, তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য, পুলিশ তৃণমূলের চাপে পড়ে একজন নির্দোষ দলীয় নেতার বিরুদ্ধে চক্রান্ত করছে। কৃষ্ণপদ সরকারের মুক্তির দাবিতে মঙ্গলবার বিজেপি নেতৃত্ব ধূপগুড়ি থানায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি জোরালো হওয়ায় এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহীনি। বিজেপির তরফে জানানো হয়েছে, যদি দলের নেতাকে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে বুধবার ধূপগুড়ি শহরজুড়ে তারা ধর্মঘট পালন করবে। বিক্ষোভে ধূপগুড়ির বেশ কয়েকজন জেলা ও মন্ডল স্তরের নেতা উপস্থিত ছিলেন এবং তারা পুলিশ প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
যদিও খবর লেখার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি রাজনৈতিকভাবে ফের একবার সরগরম হয়ে উঠেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *