সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ধুপগুড়িতে। শুক্রবার সকালে ধুপগুড়ি মহকুমার শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি ১০ চাকার লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম বয়স ২১ বছর। ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি খোলাই গ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই নাসিরুল ও মোস্তাকিন মোটর বাইক নিয়ে মিলে কাজে যাচ্ছিলেন। শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, বাইকের একাংশ লরির নিচে ঢুকে যায় এবং দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন।
রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁদের পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা দ্রুত উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই নাসিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, মোস্তাকিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুপগুড়ি থানার পুলিশ।

