২ দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কড়া নিরাপত্তা ত্রিপুরায়।
শনিবার ২ দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, ৭ মার্চ বিকেলে আগরতলায় পৌঁছবেন উপরাষ্ট্রপতি। আগরতলা বিমানবন্দরে উনাকে অভ্যর্থনা জানানো হবে।

রাতে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলা স্থিত ত্রিপুরার লোকভবনে উপরাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। উপরাষ্ট্রপতি ত্রিপুরা লোকভবনেই রাত্রিযাপন করবেন। ৮ মার্চ সকালে উপরাষ্ট্রপতি প্রথমে আগরতলায় অ্যালবার্ট এক্কা পার্কে অবস্থিত যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে দেশ ও সকল রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করবেন বলে জানাগিয়েছে।

