গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে পঞ্চায়েত সচিবকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জ-১ এর নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এনিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী।নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। জানা গিয়েছে, বুধবার দলবল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস।

অভিযোগ, কথোপকথন চলাকালীন আচমকা পঞ্চায়েত সচিব অরুন কুমার চক্রবর্তীকে মারধর করে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তাঁর লোকজন। সেই সময় গণ্ডগোল থামাতে এগিয়ে এলে আরও দু’জন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অফিসের কম্পিউটার সহ সরকারি কাগজপত্র লোপাট করা হয় বলেও অভিযোগ ওঠে।পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী জানান, প্রয়োজনীয় কাজে তিনি শ্মশানঘাট পরিদর্শনে গিয়েছিলেন। সেইসময় পঞ্চায়েতে ঢুকে সচিব সহ দু’জন সরকারি আধিকারিককে বেধড়ক মারধর করে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ অন্যরা। অফিসের কম্পিউটার সহ যাবতীয় তথ্য লোপাট করা হয়। কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দায় সরব হয়েছে বিজেপি।এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস। তাঁর কথায়, ‘আমাদের দলের পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে কাজকর্ম করা হয়। সে বিষয়ে জানতেই পঞ্চায়েত সদস্যরা গিয়েছিলেন। এর বাইরে আমার কিছু জানা নেই।’ ঘটনায় এদিন তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *