ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে দুইজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে কৈলাসহরে আসার পর ধৃতরা কৈলাসহর থেকে বহি:রাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে উঠে। অটো দিয়ে ধৃতরা উত্তর জেলা ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেবার সময় কৈলাসহর শহরের কলেজের পাশে পুলিশ অটো গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশী করতেই দুইজন রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করে এবং সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে একটি মামলা করে।

বর্তমানে দুইজন রোহিঙ্গা নাগরিক, অটো চালক সহ তিনজনই কৈলাসহর থানার হাজতে রয়েছে। রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে ভারতে এসেছে, কার মাধ্যমে এসেছে এবং কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে তারা এসেছে ও বহি:রাজ্যের কোন রাজ্যে কি কারনে তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতদের বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী। ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি দামী মোবাইল ফোন এবং বেশকিছু নগদ টাকা উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক জানায়, তারাা বাংলাদেশের চট্রগ্রামের রিফুজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। এদিকে রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর শহর এলাকায় মানুষজনের মধ্যে তীব্র আতংক বিরাজ করছে।

