টিউশন ছাড়াই মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজির গড়ল ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট এলাকার রোহিত মন্ডল। নিজে শারীরিক ভাবে সক্ষম হলেও মানসিক ভাবে বেশ শক্ত রোহিত। এবছর মাধ্যমিক পরীক্ষায় ২৩৪ নম্বর পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে রোহিত। জানা গিয়েছে, রথেরহাট এলাকার হিত্তি মোহন মন্ডলের দুই ছেলে। বড় ছেলে রোহিত এবং ছোট ছেলে সুরজিৎ মন্ডল। রোহিত ছোট বেলা থেকে হাটা চলা করতে পারে না। বহু চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি তার পরিবার। তাই রোহিতের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার ভাই সুরজিৎ এবং একটি হুইল চেয়ার।

দুই ভাই একই ক্লাসে পড়াশোনা করে। দাদাকে হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে যাওয়া, আবার বাড়ি নিয়ে আসে সুরজিৎ। পরিবারটি আর্থিক ভাবে স্বচ্ছল না থাকায় কোনো টিউশন দিতে পারেননি তার বাবা। তবে ছোট থেকেই রোহিত পড়াশোনা করতে ভালবাসত। সেই চেষ্টাই যেন সফলতা এনে দিয়েছে রোহিতকে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নির্দেশে গাড়ি করে রোহিতকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সেখানে রোহিত এবং সুরজিৎ দুই ভাই উত্তীর্ণ হয়েছেন। এতেই খুশি পরিবারের সদস্যরা। এদিকে রোহিত পড়াশোনা চালিয়ে যেতে চায়। তবে কতটা কি করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তার পরিবার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *