নেশা পাচারকারী ও জুয়াড়িদের করিডোর হয়ে দাঁড়িয়েছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। এবার পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা থানাধীন মাইকর গ্রামের গড়িয়া বাজারে গড়িয়া মেলাকে কেন্দ্র করে বসা জুয়ার আসরে লেফুঙ্গা থানার পুলিশ হানা দিয়ে জুয়া খেলার ঝান্ডি-মুন্ডা সহ বিভিন্ন সামগ্রী, নগদ ৩ হাজার টাকা সহ গ্রেফতার করে এক কুখ্যাত জুয়াড়িকে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ ও ত্রিপুরার স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা।

এই জুয়া বিরোধী অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, মাইকর গ্রামের গড়িয়া বাজারে গড়িয়া মেলাকে কেন্দ্র করে চলছে ঝান্ডি-মুন্ডা জুয়ার আসর। এই জুয়ার কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে একাংশ যুবসমাজ। এই গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ উত্তম দেব্বর্মা নামে এক কুখ্যাত জুয়াড়িকে আটক করে। ধৃত জুয়াড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস। তিনি পাশাপাশি আরো বলেন, কোনো প্রকার জুয়া খেলার অনুমতি থানা থেকে দেওয়া হয়না।আগামীদিনেও মেলাকে কেন্দ্র করে কোনো প্রকার জুয়ার অনুমতি নেই এবং যারা মেলার আয়োজন করে থাকেন তারা যেন কোনো প্রকার জুয়ার আসর বসানো থেকে বিরত থাকেন এই বার্তা দেন ওসি সহদেব দাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *