পানীয় জল সংগ্রহকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন জ্যোতির্ময় কলোনি এলাকা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এক প্রতিবেশী ব্যক্তিকে ।
ধৃতের নাম আনন্দ বাড়ুই, যার বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ শে এপ্রিল সকালে এক মহিলা তাঁদের এলাকায় অবস্থিত একটি টাইম কল থেকে জল সংগ্রহ করতে গেলে আনন্দ বাড়ুই তাঁকে বাধা দেয় এবং ধাক্কা মারে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ওই মহিলার স্বামী ঘটনাস্থলে আসেন। অভিযোগ, অভিযুক্ত ও তার স্ত্রী মিলে লোহার রড দিয়ে মহিলার স্বামীকে মারধর করে এবং মহিলার উপর শারীরিক নিগ্রহ ও শ্লীলতাহানির চেষ্টা করে।


ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে মহিলার বাড়ির সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের ভিত্তিতেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রবিবার অভিযুক্ত আনন্দ বাড়ুইকে গ্রেফতার করে। সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *