বকেয়া মজুরি এবং স্টাফদের দীর্ঘদিনের বেতন না-পাওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হলেন নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা। রবিবার সকাল থেকেই কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। অভিযোগ, গত সাত সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি এবং স্টাফ ও সাব-স্টাফদের প্রায় তিন মাসের বেতন বকেয়া রয়েছে।
শ্রমিকদের দাবি, একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে টানা আয় বন্ধ। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে বেঁচে থাকা দুঃসহ হয়ে উঠেছে। দিনের পর দিন অভুক্ত থাকতে হচ্ছে, চিকিৎসা করানো তো দুরের কথা।

এদিন শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সঞ্জয় কুজুর এবং ধন বাহাদুর ছেত্রী। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন, এই বিষয়টি উচ্চতর মহলে তোলা হবে ও যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
তবে শ্রমিকদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া মজুরি ও বেতন না-মেটালে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই চা বাগানের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও লিখিত আশ্বাস দেননি বলেই অভিযোগ শ্রমিক সংগঠনের।
চা শিল্পে ক্রমবর্ধমান সংকটের আবহে এই ধরনের ঘটনা শ্রমিক সমাজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

