রাবার বাগানের মালিকদের এক প্রকার ঘুমে রেখে গাঁজা মাফিয়ারা ২২০ কানি পরিপক্ক রাবার বাগান কেটে সাফ করে দিল গাঁজা বাগান চাষ করার উদ্দেশ্যে। ঘটনা ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বংশীবাড়ি এডিসি ভিলেজে। বিষয়টি গ্রামে জানাজানি হতেই কলমচৌড়া গ্রামের কুখ্যাত গাঁজা পাচারকারী উত্তম মিয়া, জহর মিয়া, ইকবাল হোসেনের তরফে পাঠানো শ্রমিকদের আটক করলো স্থানীয় গ্রামবাসীরা।

এনিয়ে গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিগত কয়েকদিন পূর্বে থেকে চলছে গাঁজা পাচারকারীদের এই অবৈধ গাঁজা বাগান চাষ করার পরিকল্পনা। অভিযুক্ত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন সকল গ্রামবাসীরা।

