বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, মৃ*তের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন। সোমবার রাতে সোনামুখী থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন রাতে বড় জোড়ার পখন্না বাজার থেকে সোনামুখীর চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সেকেন্দার। গ্রামে ঢোকার আগেই পিছন থেকে কেউ বা কারা তাকে গুলি করে। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ, পৌঁছে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।

পরে পুলিশ মৃ*ত দে*হটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় মঙ্গলবার সকালে চকাই গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দু’জনকে পুলিশ আটক করেছে। একই সঙ্গে পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

