আজ মহাষ্টমী! বাসন্তী পুজো মানে আদি দুর্গাপুজো। মহাষ্টমীতে কুমারী মায়ের রূপে পূজিতা হলেন দেবী বাসন্তী। আদিকালে মুনি-ঋষিরা কুমারী মায়ের পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী। সেই প্রকৃতিরই আর এক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তাঁরা। তাঁরা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব। কারণ মানুষ চৈতন্য যুক্ত।

আর যাঁদের সৎ মন, কলুষতা মুক্ত, তাঁদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলে মনে করেই তাদের বেছে নেওয়া হয় এই পুজোর দেবী হিসেবে। শনিবার আগরতলা শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে দেবী বাসন্তীকে কুমারী মায়ের রূপে পুজো করা হয়। এদিন এই কুমারী মায়ের পুজোকে ঘিরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

