শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাঁশঝার মোড় এলাকায় পুরনো ঐতিহ্যবাহী বাঁশ গাছ কেটে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। শনিবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, বাঁশঝার মোড় এলাকাটি তার নামের সঙ্গে যুক্ত প্রায় একশো বছরের পুরনো বাঁশ গাছগুলোর জন্যই পরিচিত। এই ঐতিহ্য বহনকারী গাছগুলিকে সম্প্রতি গভীর রাতে কেটে ফেলা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, স্থানীয়দের সন্দেহ, এলাকার এক জমির মালিক এর সঙ্গে যুক্ত এবং গাছ কাটার পিছনে তাঁর মদত থাকতে পারে।

এদিন বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁরা চান এই ঐতিহ্যবাহী পরিচিতি অক্ষুন্ন থাকুক। একইসঙ্গে পুলিশের কাছে তাঁদের আবেদন, দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।

