দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়েছে রাস্তা। রাস্তার পিচের চাদর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। যার জেরে প্রায়দিনই ঘটছে দুর্ঘটনা। বসন্তের আবহে বেহাল রাস্তার সঙ্গে সঙ্গে ধুলোতেও কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই দ্রুত রাস্তা পুনরায় পাকা করার দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আওতাধীন খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ঋষি পাড়া মোড় থেকে জল্পেশ মন্দির যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল। কয়েক বছর থেকে রাস্তা বেহাল হলেও মেরামতির কোনো উদ্যোগ নেই বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা হয়েই বহু মানুষ জল্পেশ মন্দিরে যাওয়া আসা করেন। রাস্তা বেহাল থাকায় মানুষদের প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। বর্তমানে রাস্তার যে অবস্থা তাতে মোটর বাইক কিংবা টোটো নিয়েও যাতায়াত করা যায়না। রাস্তার মাঝে কয়েকটি বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে প্রায় দিন ঘটে দুর্ঘটনা।

স্থানীয় পঞ্চায়েত সদস্য উমাচরণ রায় বলেন,” এই রাস্তা ঠিক করার জন্য একাধিকবার প্রধান সহ বিভিন্ন জায়গায় জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আমরাও চাই এই রাস্তা দ্রুত ঠিক করা হোক।” খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় বলেন,” এই রাস্তাটি সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে জানানো হয়েছে। আপাতত রাস্তার বড় বড় গর্ত ভরাট করার জন্য আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে কিছু আরবিএম ফেলা হয়েছিল। কিন্তু ওই এলাকার মানুষ সেগুলি ফেলতে বাঁধা দান করেন। আমি বিষয়টি দেখছি।”

