মঙ্গলবার থেকে এক নাগারে বৃষ্টির কারণে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়ছে সাধারণ জীবন যাপন। কুমারগ্রামের বিডিও কে লিখিত ভাবে পরিস্থিতি পরিদর্শনের আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস। জানা গিয়েছে মধ্য হলদিবাড়ি, খারিয়া পাড়া, বিত্তিবাড়ি, উত্তর হলদিবাড়ি, তুরতুরি খন্ডের বাবুধরা লাইন, নয়া বস্তি, রায়ডাক গ্রাম পঞ্চায়েতের গুদাম লাইন, রুজু লাইন সহ ব্লকের বিভিন্ন এলাকা ইতি মধ্যেই জলমগ্ন।

শুধু মাত্র দক্ষিন হলদিবাড়িতেই ১৪ টি বাড়ি জলবন্দি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কুমার গ্রামের বিডিও রজত কুমার বলিদা জানান পরিস্থিতি মোকাবিলায় ব্লক প্রশাসন তৈরি আছে। বেশ কয়েকটি দল তৈরি করে নজরদারি চালানো হচ্ছে। বুধবার ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।

