ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ায় আজ সকাল থেকেই ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ১০ নং কুলাই-চাম্পাহাওর এডিসি কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী কমেন্দ্র রিয়াং আজ সকালে সত্যরাম চৌধুরী পাড়া স্কুল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এডিসি কেন্দ্রের প্রতিটি বুথেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো এবং চারিদিকে একটি উৎসবের মেজাজ বিরাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো নির্বাচনী এলাকা, যার ফলে সাধারণ ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারছেন।
নিজের জয়ের সম্ভাবনা নিয়ে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, এডিসি এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে এবং কংগ্রেসের নীতিতে ভরসা রাখছেন। তাই এই কেন্দ্র থেকে তাঁর জয় নিশ্চিত । সাধারণ জনজাতি ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং দিনের শেষ পর্যন্ত শান্তি বজায় রাখার আহ্বান জানান।

