নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ফুলবাড়ি সংলগ্ন এলাকায়। মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে, মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। আদিবাসী জনজাতিদের অভিযোগ, মুন্ডা বস্তিতে জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে উত্তরকন্যার উদ্দেশে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়া হলে ভিড় কিছুটা ছত্রভঙ্গ হয়, যদিও এলাকায় দীর্ঘক্ষণ টানটান উত্তেজনা বজায় থাকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। আহতের সংখ্যাও কম নয়—যদিও সরকারি ভাবে এখনও স্পষ্ট সংখ্যা জানানো হয়নি। প্রশাসনের তরফে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের বক্তব্য, “ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে।” উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *