ভরা বসন্তেই খামখেয়ালি আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে এবং মঙ্গলবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেখানে আপাতত কোনও সতর্কতা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯.৫ ডিগ্রি ও সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও আগামী সপ্তাহে বৃষ্টি পরিস্থিতি বদলে দিতে পারে। অতিবৃষ্টিতে আলুচাষের ক্ষতির আশঙ্কায় কৃষকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, বসন্তের শুরুতেই বাংলায় তাপ আর বৃষ্টির জোড়া প্রভাবের ইঙ্গিত মিলছে।

