বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শাসনকালে অবৈধভাবে দালালের সাহায্যে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রতিনিয়ত বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশ জারি রয়েছে। এক গোপন খবরের ভিত্তিতে ১জন বাংলাদেশী সহ ১ জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ধৃতদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার। কিন্তু, আগরতলা জি আর পি থানার পুলিশ, আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে বাংলাদেশী সহ দালালকে ধরে ফেলে।

রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তাদের কলকাতা যাওয়ার লক্ষ্য ছিল। আগরতলা জি আর পি থানার পুলিশ অফিসারের টিম ধৃত বাংলাদেশী সহ ভারতীয় দালালকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। এখন পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে । ধৃতদের নাম হলো – ১) শ্যামল চন্দ্র বর্মন, বয়স ২৩, বাড়ি – বাংলাদেশের গাইবান্ধা,
২) অভিজিত সরকার, বয়স ৩২, বাড়ি- ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া তৃষাবাড়ি ( ভারতীয় দালাল)।

