জানা গেছে, ২৩ শে মার্চ ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া কুইশারটিলা এলাকায় অভিজিৎ দাস এবং তার স্ত্রী রুপা দাসের ঝগড়াকে কেন্দ্র করে অভিযুক্ত স্বামী অভিজিৎ দাস তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি নিক্ষেপ করে। উক্ত ঘটনায় একটি মামলা রজু হয় তেলিয়ামুড়া থানায়, যার নম্বর Tlm ps 21/2025। ঘটনার পরই পুলিশ তদন্ত নেমে উক্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মধ্যরাতে আগরতলা অরুন্ধতীনগর থানাধীন চারিপাড়া মহাশ্মশানের একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেফতার করে আশীষ দেবনাথ, তন্ময় দাস এবং অঙ্কুজ দত্ত নামে তিন অভিযুক্তকে।

গ্রেফতারের পর তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে সিপাহীজলা জেলা বিশালগড় থানাধীন সিপাহীজলা অভয়ারণ্যে আসামী অঙ্কুজ দত্তকে নিয়ে এসে অভয়ারন্যের গেস্ট হাউস সংলগ্ন রাস্তার পাশ থেকে গুলিকাণ্ডে ব্যবহার করা চাইনিজ পিস্তলটি উদ্ধার করে। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তেলিয়ামুড়া থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারিক পান্না লাল জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘটনার তদন্ত শুরু করে। এরপর থেকে একে একে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার মূল অভিযুক্ত অভিজিৎ দাসকে গোমতী জেলা উদয়পুর থেকে রাধাকিশোরপুর থানার পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের আগরতলা শহর লাগুয়া চারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। উক্ত মামলায় সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক পান্নালাল সেন।

