শিলিগুড়িতে একটি অত্যাধুনিক আদালত ভবন তৈরির আশ্বাস দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি আদালতে এসে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বহুদিন ধরেই শিলিগুড়িতে একটি আধুনিক ও পরিকাঠামোগতভাবে উন্নত আদালত ভবনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা।

সেই দাবির প্রেক্ষিতেই আইনমন্ত্রী প্রথমে বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নতুন কোর্ট বিল্ডিং নির্মাণ করেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জলপাইগুড়ি-তে সার্কিট বেঞ্চের ভবনও রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, শিলিগুড়িতেও একটি ১০ তলা অত্যাধুনিক আদালত ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাণকাজ শুরু করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাইকোর্টের অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
আইনমন্ত্রীর এই ঘোষণায় বহুদিনের দাবি পূরণ হতে চলেছে বলে আশাবাদী আইনজীবীরা।

