অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু ক্ষেত পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যান ধূপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা খুরশীদ আলম, মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায়, উপপ্রধান সহ অনেকে। উল্লেখ্য গত কয়েকদিনের অকাল বৃষ্টিতে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকার কৃষি জমিতে জল দাঁড়িয়ে পড়েছে।

আর জলের তলায় এই মুহূর্তে আলু ক্ষেত থাকায় আলু চাষীদের মাথায় হাত পড়েছে। কেননা একদিকে যেমন আলুর দাম নেই তেমনি অন্যদিকে বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে বা স্টোরে রাখতেও সমস্যায় পড়েছেন আলু চাষিরা। যেকারনে আলু চাষীরা সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন। আলু চাষীরা বলেন,”লাভের আশায় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন । কিন্তু বর্তমানে একদিকে আলুর দাম নেই অন্যদিকে বৃষ্টির কারণে আলু ক্ষেত জলের তলায় রয়েছে। তাই আমরা চাই সরকার যেন আলু চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে।।

